নড়াইলে শিশু জান্নাতুল হত্যায় আসামি রবির মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা।

লেখক: মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নড়াইলে শিশু জান্নাতুল হত্যায় আসামি রবির মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা।

মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল সিকদার ওরফে রবিকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র এক মাসের মাথায় এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার রেকর্ড ৮ কর্মদিবসের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষিত হলো। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে সদরের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর শেখের কন্যা ও দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়াকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান পেশায় রাজমিস্ত্রি রবিউল সিকদার। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান তিনি। ঘটনার পরদিন ২১ জুলাই স্থানীয় জনতা রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মাত্র ১১ কার্যদিবসের মধ্যে চার্জশিট দাখিল করলে দ্রুত শুরু হয় আইনি প্রক্রিয়া। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রেকর্ড কম সময়ে বিচারকাজ সম্পন্ন করে আদালত দৃষ্টান্ত স্থাপন করলেন।দ্রুত সময়ের মধ্যে এই বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিশু জান্নাতুলের বাবা-মা ও স্বজনরা। তবে রায় নিয়ে তারা পূর্ণ সন্তুষ্ট হলেও অবিলম্বে এই মৃত্যুদণ্ড কার্যকরে,র জোর দাবি জানিয়েছেন।