
নড়াগাতীর পহরডাঙ্গায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত, প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের আহ্বান
মোঃ মনিরুজ্জামান চৌধুরী,
নড়াইল প্রতিনিধি:
“মাদককে না বলো, সুস্থ সমাজ গড়ি চলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত এ র্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল), সাধারণ সম্পাদক আলহাজ কোবাদ সিকদার, যুবনেতা আহমেদ সিকদার মিরাজ, মিল্টন শেখ, তারু চৌধুরী, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, বাড়ছে সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা। তাই মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষ যেন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য না হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের করণীয় এবং চলমান কার্যক্রম জনগণের সামনে আরও পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।”
বক্তারা একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
