
শ্যামনগরের কৈখালীতে ৫৩ বস্তা বিএডিসির সার জব্দ, পাচারের অভিযোগ
ফয়েজ আহমেদ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এমন অভিযোগে বিএডিসির ৫৩ বস্তা সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জয়াখালী চেয়ারম্যান মোড় এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সারগুলো জব্দ করেন।স্থানীয়দের অভিযোগ, কৃষকদের জন্য বরাদ্দকৃত বিএডিসির সার ন্যায্যমূল্যে বিক্রির পরিবর্তে অধিক লাভের আশায় অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় মো. আমিনুর রহমানের বিরুদ্ধে অন্যের বিএডিসি ডিলার লাইসেন্স ব্যবহার করে সার উত্তোলনের অভিযোগও উঠেছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, সার পাচারের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে খবর পেয়ে সারগুলো জব্দ করে প্রশাসনকে অবহিত করা হয়।এদিকে, স্থানীয় কৃষকদের দাবি, সার সংগ্রহের সময় তাদের নানা শর্তের মুখোমুখি হতে হয়। এমনকি অনেক ক্ষেত্রে সারের সঙ্গে কীটনাশক কিনতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তারা।উপসহকারী কৃষি কর্মকর্তা দিবাশীষ দাস জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
