
কালিয়ায় র্যাবের অ্যাকশন: ওয়ান শুটার গান ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেপ্তার
কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ খবির মোল্লা নামের এক কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে। র্যাবের রেকর্ড অনুযায়ী, সে ওই অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সিলিমপুর গ্রামে অভিযান চালায় র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি। কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে খবির মোল্লাকে আটক করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে ওয়ান শুটার গান ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, খবির মোল্লা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত নতুন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে কালিয়া অঞ্চলের ত্রাস খবির মোল্লার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও শান্তির বাতাস বইতে শুরু করেছে। দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিলিমপুর ও আশেপাশের গ্রামের মানুষ।
