চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা ঠাকুর আবুল আজম

লেখক: কালিয়া (নড়াইল)
প্রকাশ: ৬ মাস আগে

নড়াগাতীতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা ঠাকুর আবুল আজম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ঠাকুর আবুল আজম।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন ত্যাগী ও দুঃসময়ের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন তিনি। রাজনৈতিক প্রতিকূল সময়েও মাঠপর্যায়ে সক্রিয় থেকে দলীয় কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রশংসিত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন ঠাকুর আবুল আজম। এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখাসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, ঠাকুর আবুল আজম সবসময় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেন। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন নিয়ে তার আন্তরিকতার কারণে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন পাচ্ছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঠাকুর আবুল আজম বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। রাজনীতি আমার কাছে মানুষের সেবার একটি মাধ্যম। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আগামী দিনেও তাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও আগ্রহ বাড়ছে। বিশেষ করে ঠাকুর আবুল আজমের প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।