কালিয়ায় ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ এখলাছ উদ্দিন আহম্মদ ও পুত্র টুনুকে স্মরণ

লেখক: মোঃমনিরুজ্জামান,চৌধুরী,বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২ দিন আগে

কালিয়ায় ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ এখলাছ উদ্দিন আহম্মদ ও পুত্র টুনুকে স্মরণ

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

১১ জুন /বৃহস্পতিবার/
নড়াইলের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহীদ এখলাছ উদ্দিন আহম্মদ এবং তার পুত্র এহসানুল হক (টুনু)-এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি উপলক্ষে পরিবার-পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করেছেন।
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দাচর গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এখলাছ উদ্দিন আহম্মদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে নড়াইল মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধের পূর্বে তিনি যশোর সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভারতের বয়রা যুদ্ধশিবিরে ৮ ও ৯ নম্বর সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা ও উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয়।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কালিয়া পৌরসভা প্রতিষ্ঠা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।