মাদক নির্মূলে কঠোর বার্তা: সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ধ্বংস প্রায় ৩২ কোটি টাকার মাদক।

লেখক: প্রতিবেদক, সাতক্ষীরা:
প্রকাশ: ২ দিন আগে

মাদক নির্মূলে কঠোর বার্তা: সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ধ্বংস প্রায় ৩২ কোটি টাকার মাদক।

প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ধ্বংস করা মাদকদ্রব্যের বর্তমান বাজারমূল্য ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা। এসব মাদক ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে জব্দ করা হয়।এ সময় পরিচালিত অভিযানে মোট ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয় এবং ৪১ জনকে আটক করা হয়। জব্দ হওয়া পণ্যের মধ্যে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ১ কেজি হেরোইন, ২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১৪ বোতল এলএসডি, বিভিন্ন ধরনের মদ, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭ পিস অবৈধ ওষুধ, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকজাতীয় ট্যাবলেট ও বড়ি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি বলেন, মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। তবে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, জেলা প্রশাসনের প্রতিনিধি, র‍্যাব-৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।