কোটি টাকার বেড়িবাঁধ কেটে লবণপানি উত্তোলন! ঝুঁকিতে গাবুরার হাজারো মানুষের জীবন

লেখক: ফয়েজ আহমেদ। সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি
প্রকাশ: ৪ মাস আগে

কোটি টাকার বেড়িবাঁধ কেটে লবণপানি উত্তোলন! ঝুঁকিতে গাবুরার হাজারো মানুষের জীবন।

ফয়েজ আহমেদ,সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সরকার নির্মাণাধীন উপকূল রক্ষা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণপানি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক শ্রেণির অসাধু ঘের ব্যবসায়ী ও মাছচাষী বাঁধ কেটে পাইপ বসিয়ে ঘেরে লবণপানি প্রবেশ করাচ্ছে। এতে সরকারের প্রায় ১,০২০ কোটি টাকার উপকূল সুরক্ষা প্রকল্প হুমকির মুখে পড়েছে এবং জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় পুরো এলাকা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, বেড়িবাঁধ কেটে লবণপানি উত্তোলনের ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ছে। এতে সামান্য জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়েও বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কৃষিজমি, মিঠাপানির পরিবেশ, জীববৈচিত্র্য এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দায়িত্বশীলদের নীরবতা ও অবহেলার কারণে অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ অবস্থায় সচেতন নাগরিকবৃন্দ ও পরিবেশবাদী সংগঠনসমূহ, শ্যামনগর-এর উদ্যোগে বেড়িবাঁধ কেটে লবণপানি উত্তোলন বন্ধের দাবিতে একটি মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মানববন্ধনটি পূর্বঘোষিত সময়ে অনুষ্ঠিত না হয়ে পরবর্তী ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে আয়োজকদের দাবিগুলো হলো—

বেড়িবাঁধ কেটে লবণপানি উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে।

অবৈধভাবে বাঁধ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

উপকূলীয় মানুষের জীবন, কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলাকাবাসীর ভাষ্য, “উপকূল রক্ষা বাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি লাখো মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা। তাই অবৈধভাবে বাঁধ কেটে ব্যক্তিস্বার্থ হাসিলের সুযোগ কোনোভাবেই দেওয়া যায় না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।