তফসিল ঘোষণার আগেই সরগরম পহরডাঙ্গা ইউনিয়ন, আত্মপ্রকাশ করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

লেখক: নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

তফসিল ঘোষণার আগেই সরগরম পহরডাঙ্গা ইউনিয়ন, আত্মপ্রকাশ করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

=================================

নড়াইল জেলার কালিয়া উপজেলার ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আত্মপ্রকাশ, গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সরব উপস্থিতিতে ইউনিয়নজুড়ে শুরু হয়েছে আগাম নির্বাচনী আলোচনা।

হাট-বাজার, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে এখন আসন্ন ইউপি নির্বাচন নিয়েই চলছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সমর্থক গোষ্ঠী নিয়ে মাঠ গোছাতে শুরু করেছেন। কেউ রাজনৈতিক পরিচয়ে, আবার কেউ সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ভোটারদের কাছে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

এবারের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন— পহরডাঙ্গার বিএনপি নেতা ঠাকুর আবুল আজম, বল্যাহাটির ব্যবসায়ী ও সমাজসেবক নঈমূল ইসলাম বরকত, বল্যাহাটির বিএনপি নেতা আলহাজ্ব কোবাদ সিকদার, মূলশ্রীর ইঞ্জিনিয়ার ও বর্তমান চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, মূলশ্রীর সমাজসেবক আহমেদ সিকদার মিরাজ, চর মধুপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু, বাগুডাঙ্গার ব্যবসায়ী ও সমাজসেবক খান মফিজুর রহমান, পাখিমারার সাবেক সেনা সদস্য ও সমাজসেবক মোল্লা রকিত রানা, পহরডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার আহসান আলী এবং পাখিমারার সমাজসেবক মজলিশ খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের অনেকেই বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ বাড়িয়েছেন। কেউ কেউ এলাকায় শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে নির্বাচনী আবহ তৈরি হচ্ছে।

স্থানীয় ভোটারদের মতে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের মাঠে সক্রিয় উপস্থিতি নির্বাচনকে ঘিরে আগাম উত্তাপ ছড়িয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন, ব্যক্তি ইমেজ, সামাজিক গ্রহণযোগ্যতা ও স্থানীয় রাজনৈতিক সমীকরণই নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।