
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা,১৪ জুন ২০২৬
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। বিষয়টি রোববার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।পুলিশ সদরদপ্তরের ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে। দুদকের মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন। অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত ও মামলা চলমান রয়েছে।
দুদক ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে। মামলাগুলোতে পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি ১৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
