
শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু, প্রাণ গেল গবাদি পশুরও।
মোঃ ফয়জুল্লাহ,ফয়েজ,শ্যামনগর,সাতক্ষীরা,
প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি গবাদি পশুও বজ্রপাতে মারা গেছে বলে জানা গেছে। শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহত যুবক হলেন উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের বাসিন্দা লুৎফর শেখের ছেলে আব্দুল হাকিম শেখ (২২)।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল হাকিমসহ কয়েকজন শ্রমিক স্থানীয় জাহাঙ্গীর হোসেনের একটি মৎস্যঘেরে কাজ করতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে কয়েকটি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত খামারি ও কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।আব্দুল হাকিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
