
কালিয়ায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে এক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, কালিয়ার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে কোরবানির পশুর চামড়া ছাড়ানোর পর সঠিক নিয়মে লবণ ব্যবহার করে সংরক্ষণের বিভিন্ন কৌশল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রেখে বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিসিক নড়াইলের উপ-ব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে চামড়া সংরক্ষণের পদ্ধতি প্রদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বলেন, “কোরবানির পশু জবাইয়ের সময় সঠিক নিয়ম অনুসরণ না করলে যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তেমনি চামড়ার গুণগত মানও নষ্ট হয়। তাই প্রশিক্ষিত কসাই ও জনসচেতনতা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, ইসলামিক ফাউন্ডেশন কালিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শহীদুল্লাহ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বুলবুল কবির। এছাড়াও স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।কর্মশালায় বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে চামড়ার অপচয় রোধের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও ন্যায্যমূল্য পাবেন।
