
কালিয়ায় ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা।
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নড়াইলের কালিয়ায় বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট প্রতিরোধ, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদের দিন দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পশুর হাট ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
