নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

লেখক: মোঃ মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোণা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় নেত্রকোণায়ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ মে) দুপুরে নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে জেলা পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার এবং নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।

অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়, সাঁতার, দীর্ঘ লাফসহ বালক-বালিকা বিভাগের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এমন একটি সুচিন্তিত, সময়োপযোগী ও প্রত্যয়শীল উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন দেশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন, ক্রীড়া সংগঠক আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ২ মে থেকে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ নেত্রকোণা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন।