
নড়াইলের কালিয়া পৌরসভার উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত, উন্নয়নমুখী বাজেট পেশ
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
নড়াইলের কালিয়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট সভা জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত এ সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে জনকল্যাণ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে অংশ নেন কালিয়া থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজা-ই-রাব্বি কামাল, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন এবং কালিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মিষ্টাং সর্দার। এছাড়াও থানা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বাজেট সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা বাজেট বাস্তবায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।
বক্তারা বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ বাজেট প্রণয়নের মাধ্যমে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করবে। তারা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে কালিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
