রংপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

রংপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি:

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে অনলাইন প্রতারক চক্রের দুই মূল সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়ের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, ডিবির ওসি মো. সোহেল রানা ও ইন্সপেক্টর তাজেদার আলম ফারুকীর সমন্বয়ে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে) গভীর রাতে অভিযান চালায়।
অভিযানটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামে পরিচালিত হয়। এ সময় অনলাইন প্রতারণা চক্রের সক্রিয় সদস্য মো. নূরুজ্জামান (২১) ও মো. খায়রুল ইসলাম (৪২)কে গ্রেফতার করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড, একটি ল্যাপটপ, বিকাশ লেনদেনের হিসাব খাতা, ভুয়া পাসপোর্টের ৭টি কপি, অস্ট্রেলিয়ার ভুয়া ওয়ার্ক পারমিট ৩ সেট, ভুয়া ভিসার কপি, ভিএফএস গ্লোবালের জাল বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট কাগজপত্রসহ বিভিন্ন আলামত জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে অনলাইনে চাকরি ও বিদেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এছাড়া তারা অনলাইনে ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধ কার্যক্রম ও জুয়ায় জড়িত ছিল।
গ্রেফতারকৃত নূরুজ্জামান কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল বৈদ্যপাড়া গ্রামের নূর নবীর ছেলে এবং খায়রুল ইসলাম একই এলাকার উত্তরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও জালিয়াতির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় রংপুরের তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।