
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে নির্যাতন, স্বামী পলাতক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। যৌতুকের টাকা না পেয়ে স্বামী তার স্ত্রীর মাথার চুল কেটে দেন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই দীন ইসলাম দেলু তার স্ত্রীর কাছে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করছিলেন। ঘটনার দিন সকালে আবারও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী তার ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন এবং মাথার চুল কেটে দেন।
গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
