মায়ের প্রতি সন্তানের নির্মম অবহেলা: সুস্থ হওয়ার পরও হাসপাতালে ফেলে গেল দুই ছেলে

লেখক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী
প্রকাশ: ১ মাস আগে

মায়ের প্রতি সন্তানের নির্মম অবহেলা: সুস্থ হওয়ার পরও হাসপাতালে ফেলে গেল দুই ছেলে

 

নিজস্ব সংবাদদাতা :

একজন মা—যিনি সন্তানের জন্ম দিয়েছেন, লালন-পালন করে বড় করেছেন, জীবনের সমস্ত ভালোবাসা ও ত্যাগ উজাড় করে দিয়েছেন তাদের জন্য। অথচ সেই মাকেই শেষ বয়সে পেতে হলো চরম অবহেলা ও নির্মমতার শিকার হতে।
প্রায় ছয় মাস আগে অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৫ দিনের চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বিস্ময়করভাবে সুস্থ হওয়ার পরও তার কোনো সন্তান তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিতে আসেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ বহুবার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি। অবশেষে আজ হাসপাতালের লোকজন বৃদ্ধ মাকে তার ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে গেলে ঘটে হৃদয়বিদারক ঘটনা। একজন ছেলে দোকান বন্ধ করে চলে যায়, আরেকজন দোকান ছেড়ে সরে পড়ে। কেউই নিজের মায়ের দায়িত্ব নিতে রাজি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ছেলে ভাঙ্গা বাজারের পরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সমাজে সম্মানজনক অবস্থানে থাকলেও নিজের মায়ের প্রতি তাদের এমন আচরণ স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
মানবিকতার স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তারা মায়ের দায়িত্ব গ্রহণ না করলে জনস্বার্থে তাদের নাম, ঠিকানা ও ছবি প্রকাশ করা হতে পারে।
একজন মায়ের প্রতি সন্তানের এমন অবহেলা শুধু পারিবারিক নয়, সামাজিক মূল্যবোধেরও চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি। শেষ বয়সে একজন মা-বাবার সবচেয়ে বড় আশ্রয় তাদের সন্তান। সেই আশ্রয়ই যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখন তা নিঃসন্দেহে সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।