নড়াগাতীকে উন্নয়নের মডেল জনপদে গড়ে তোলা হবে: এমপি জাহাঙ্গীর আলম

লেখক: নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১০ ঘন্টা আগে

নড়াগাতীকে উন্নয়নের মডেল জনপদে গড়ে তোলা হবে: এমপি জাহাঙ্গীর আলম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতীবাসীর উদ্দেশ্যে এক সাক্ষাৎকারে বলেছেন, কালিয়া উপজেলার নড়াগাতী থানার দীর্ঘদিনের অনুন্নত ও অবহেলিত ৬টি ইউনিয়নকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে একটি আধুনিক ও মডেল জনপদে রূপান্তর করা হবে।

তিনি বলেন, “নড়াগাতীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি কাজ করে যাচ্ছি। কাঁচা-পাকা সড়ক উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার সংস্কার, খাল-বিল পুনঃখননসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন নীতির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমপি জাহাঙ্গীর আলম জানান, নড়াগাতী থানার কলাবাড়িয়া, জয়নগর, বাঐশোনা, খাশিয়াল, মাউলী ও পহরডাঙ্গা ইউনিয়নে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং আরও নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আধুনিক তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে নড়াগাতীর মানুষের জীবনযাত্রায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে।”

সাক্ষাৎকার শেষে তিনি নড়াগাতীবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় নড়াগাতী অচিরেই নড়াইল জেলার একটি উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।”