
নড়াইল জেলা পরিষদের উদ্যোগে ৩৫টি প্রতিষ্ঠানে প্রায় ৫০ লাখ টাকার চেক বিতরণ
মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনি
নড়াইল জেলার তিনটি উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৯ লাখ ৮৫ হাজার ৯শ’ টাকার চেক বিতরণ করেছে নড়াইল জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান বাচ্চু।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্যকালে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সরকারি বরাদ্দকৃত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে হবে, যাতে কোনো ধরনের অপব্যবহার না হয়।
জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
