
বড়দিয়া খেয়াঘাটে ভয়াবহ নদী ভাঙন: এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে শুরু হলো জিও ব্যাগ ডাম্পিং, ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার আশ্বাস।
নিজস্ব প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া খেয়াঘাট ও বাজার এলাকায় ভয়াবহ নদী ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। গত কয়েক দিনে নবগঙ্গার গর্ভে বিলীন হয়েছে অন্তত ১০টি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবিলায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগে দ্রুত জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত এলাকায় শুরু হয়েছে জিও ব্যাগ ফেলার কাজ।নড়াইলের শতবর্ষের ঐতিহ্য বহনকারী নড়াগাতী ও কালিয়ার সীমান্তবর্তী বড়দিয়া বাজার এবং খেয়াঘাট এলাকা। নবগঙ্গা নদীর প্রবল স্রোতে হঠাৎ করেই বড়দিয়া খেয়াঘাটের সিসি ব্লক বাঁধানো পাড় ও বাজার সংলগ্ন অংশ নদীগর্ভে বিলীন হতে শুরু করে।এক রাতের ভাঙনেই বিলীন হয় বেশ কয়েকটি চায়ের দোকান, গুদামঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনেই আমাদের দোকানপাট নদীতে চলে গেছে! এই বাজারটা আমাদের আয়ের একমাত্র মাধ্যম। দ্রুত জিও ব্যাগ না ফেললে পুরো বড়দিয়া বাজারটাই নদীতে হারিয়ে যাবে।
বড়দিয়ার এই ভয়াবহ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং ঐতিহ্যবাহী এই বাজার রক্ষা করতে তিনি দ্রুত স্থানটি পরিদর্শন করেন এবং স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সংসদ সদস্যের নির্দেশনায় ও বিশেষ হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে নদীর ঝুঁকিপূর্ণ পয়েন্টে দ্রুত জিও ব্যাগ (Geo Bags) ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি কালিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ১৬ জন ব্যবসায়ীকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১)তিনি বলেন।
“বড়দিয়া বাজার আমাদের নড়াইলের অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রাণকেন্দ্র। খবর পাওয়ার পরপরই আমরা জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছি, যাতে নদী ভাঙন তাৎক্ষণিকভাবে ঠেকানো যায়। এটি প্রাথমিক প্রতিরক্ষা। আমরা স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি।”সংসদ সদস্যের দ্রুততম উদ্যোগ ও মাঠপর্যায়ে জিও ব্যাগ ডাম্পিং শুরু হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে জিও ব্যাগের এই সাময়িক সুরক্ষার পাশাপাশি বড়দিয়া খেয়াঘাট ও বাজার রক্ষায় দ্রুত টেকসই স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণের দাবি জানান সর্বস্তরের জনগণ।,নিউজ ডেস্ক, কালিয়ার কন্ঠ
