ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বিটিভি
কালিয়ার কণ্ঠ ডেস্ক রিপোর্ট :
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। কয়েকটি বেসরকারি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় এ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বকাপ সম্প্রচার সংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য শিগগিরই গণমাধ্যমকে জানানো হবে।
বর্তমানে সরকারি সফরে চীন অবস্থানরত মন্ত্রী বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।”
এ সাফল্যের জন্য তিনি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রচারস্বত্ব ও অংশীদারিত্ব সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আজই প্রকাশ করা হতে পারে।