কোস্ট গার্ডের অভিযানে জোনাব বাহিনীর তিন সদস্য আটক, উদ্ধার অস্ত্র-গুলি।
মোহাম্মদ,ফয়েজ আহমেদ।সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনকেন্দ্রিক কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জোনাব বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কালিঞ্চি এলাকার আসরফ গাজীর ছেলে আজিবর গাজী (৪৭), দাউদ গাজীর ছেলে রবিউল ওরফে চেঙ্গিস (৪৪) এবং মতিয়ার গাজীর ছেলে ফারুক হোসেন (৩৬)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত প্রায় ১১টার দিকে সুন্দরবনের হরিণটানা খাল এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যু চক্রের সঙ্গে জড়িত ছিল। তারা বনজীবী, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বননির্ভর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এবং ‘রিস্টোর পিস ইন সুন্দরবন’ কর্মসূচির আওতায় দস্যু, বনদস্যু ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংস্থাটি বলেছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। এতে বনজীবী, জেলে এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে কোস্ট গার্ড।